মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মুড়াগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ফজল ইসলাম (১৯) নামে এক যুবককে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অনাদায়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। অভিযান কালে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
দণ্ডপ্রাপ্ত ফজল ইসলাম উপজেলার পুরান মৌরি এলাকার সনজব মিয়ার ছেলে।
জানা যায়, মুড়াগাঁও এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে তাকে আটক করা হলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। এ সময় তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। আইন অমান্য করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।