শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার সাটিয়াজুরি বাজারে মাদকের বিস্তার রোধ ও যুবসমাজকে সুরক্ষিত রাখতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় বাজার প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকাসক্তি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর সামাজিক সমস্যা। বিশেষ করে তরুণদের মাদকাসক্তি উদ্বেগজনক হারে বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ওয়াহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মুখলিছুর রহমান। বক্তব্য দেন বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা সাধারণ মানুষকে মাদকের বিস্তার রোধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
সমাবেশ শেষে বিকেলে পরিচালিত এক অভিযানে উদ্ধার করা গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত জনতা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাটিয়াজুরি বাজারকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে সচেতনতামূলক কর্মসূচি ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখা হবে। প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তারা জানান।