শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বন্ধু রায়হান মিয়া (২৫)। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, তার অবস্থাও আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজিম মিয়া উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ডুবাঐ বাজারের ব্যবসায়ী আব্দুস শহিদের ছেলে। আহত রায়হান মিয়াও একই গ্রামের সাহিদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই বন্ধু একটি মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে কামাইছড়া এলাকায় পৌঁছে সামনে থাকা একটি যানবাহন ওভারটেক করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই নাজিম মিয়ার মৃত্যু হয়।
নিহতের চাচাতো ভাই উজ্জ্বল চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।