শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

চুনারুঘাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে সোহাগ মিয়া (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ নম্বর সাটিয়াজুড়ী ইউনিয়নের সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহাগ মিয়া ও তার পরিবারের সঙ্গে চাচা খলিল মিয়ার জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। এরই জেরে শুক্রবার রাতে সুন্দরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সোহাগকে পথরোধ করে কয়েকজন হামলা চালায়। এ সময় রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
সোহাগের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, সোহাগের শরীর ও মাথায় অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com