বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

মিরপুর চৌমুহনীতে বিশুদ্ধ পানির সংকট, দুর্ভোগে শিক্ষার্থী-পথচারী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর চৌমুহনী এলাকায় বিশুদ্ধ পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। জনবহুল এ এলাকায় একটি গভীর নলকূপ থাকলেও সেটি প্রায়ই বিকল হয়ে পড়ে। আবার সচল থাকলেও আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের লোকজনের অতিরিক্ত ভিড়ের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, পথচারী ও দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ প্রয়োজনের সময় পানি সংগ্রহ করতে পারেন না। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

মিরপুর চৌমুহনী বাহুবল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ, শিক্ষার্থী, যাত্রী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু জনসংখ্যা ও চলাচলকারী মানুষের তুলনায় বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল।

স্থানীয় ব্যবসায়ী ও বসুন্ধরা ইলেকট্রনিকসের মালিক রন্টু দেব বলেন, একটি মাত্র গভীর নলকূপ দিয়ে এত মানুষের পানির চাহিদা পূরণ করা সম্ভব নয়। নলকূপটি প্রায়ই নষ্ট থাকে। সচল থাকলেও আশপাশের বাসিন্দা ও দোকানদারদের ভিড় লেগেই থাকে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শত শত পথচারী প্রয়োজনের সময় বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হন।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জ রোডের পাবলিক টয়লেটের পাশে একটি গভীর নলকূপ স্থাপন করা হলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন।

স্থানীয়দের মতে, শায়েস্তাগঞ্জ রোডের পাবলিক টয়লেট এলাকায় নতুন একটি গভীর নলকূপ স্থাপন করা হলে পথচারী, শিক্ষার্থী, যাত্রী ও সাধারণ মানুষ সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে বিদ্যমান নলকূপটির ওপর চাপও কমে আসবে।

বাজারবাসী জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মিরপুর চৌমুহনীতে আরও একটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com