বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

ধানের জমি থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা রাস্তার পাশের একটি ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে কয়েকজন শ্রমিক ধান কাটতে যাওয়ার সময় জমিতে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি চুনারুঘাট থানায় জানালে এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আহম্মদ আলী সুজন উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে তিনি ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। এতে ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ধানের জমি থেকে সুজন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com