শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে নিখোঁজ হাজী আব্দুল আলী মিয়াকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা কিংবা গুম করা হয়েছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর ছেলে মো. শামসুল ইসলাম।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং তাঁর বাবাকে নিরাপদে উদ্ধারের দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) রাতে চুনারুঘাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন নিখোঁজ আব্দুল আলী মিয়ার প্রবাসী ছেলে মো. শামসুল ইসলাম। তিনি উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেউলগাঁও গ্রামের বাসিন্দা।
লিখিত বক্তব্যে শামসুল ইসলাম জানান, তাঁর বাবা হাজী আব্দুল আলী গত ৬ আগস্ট বিকাল থেকে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি জানান, তাঁর বাবা সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে শামসুল ইসলাম অভিযোগ করেন, পূর্ববিরোধের জের ধরে দেউলগাঁও গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে আব্দুল মতলিব, আব্দুল মতিন, আব্দুল হামিদ, মিজান মিয়া, আব্দুল মতিনের ছেলে শাহাবুদ্দিন, আব্দুল মালেকের ছেলে আব্দুল হাই এবং পাশের ইচ্ছাকুটা গ্রামের জালাল হোসেনের ছেলে বাবুল মিয়া ও আইয়ূব আলীসহ কয়েকজন তাঁর বাবাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যেতে পারে। এমনকি তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
শামসুল ইসলাম আরও বলেন, তাঁর বাবার নিখোঁজের ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁর বাবাকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।