শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচ শিক্ষার্থীদের অনুদান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মসজিদ নির্মাণকাজে নতুন গতি সঞ্চার হয়েছে। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে চলছে নির্মাণকাজ।

বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী মসজিদ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় ২০০১ ব্যাচের দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে এ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সম্প্রতি ২০০১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষকদের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন। এ সময় দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে যান তাদের শৈশবের স্মৃতিতে। বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় পুরোনো বন্ধুদের এক আনন্দঘন মিলনমেলায়।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকতার সাজো, নিয়াজ মোর্শেদ সুইট, আবুল কালাম আজাদ শান্ত, পারভেজ, ওয়াজেদ, শৈকত, হাসান কামরুল, হেলাল, মামুন, চন্দন, রাজীবসহ ২০০১ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও ঐতিহ্য ধরে রাখতে সাবেক শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। দক্ষিণ চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মসজিদ নির্মাণে ২০০১ ব্যাচের এই উদ্যোগ ভবিষ্যতের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com