সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে শ্রমজীবী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এই ক্যাম্পের মাধ্যমে চা বাগানের শত শত দুস্থ ও দরিদ্র শ্রমিক এবং তাদের পরিবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চা বাগানের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরী এবং ডানকান ব্রাদার্স-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন।