রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার চলিতাতলা বাজারের কাছে অবৈধভাবে বালু উত্তোলন, জমায়েত ও পরিবহনের দায়ে দুই ব্যক্তিকে পৃথক দুটি মামলায় মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চানপুর গ্রামের গিয়াস উদ্দীন ও গোহারুয়া গ্রামের মো. আকলুছ মিয়া। তাদের প্রত্যেককে পৃথক মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলিতাতলা বাজারের নিকট এলাকায় অনুমোদন ছাড়াই বালু জমায়েত ও পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।