রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা চুনারুঘাটে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরের সাধনা ও গণমানুষের সাংস্কৃতিক জাগরণের প্রত্যয় নিয়ে পথচলা ঐতিহ্যবাহী সংগঠন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘বৈচিত্র্য উৎসব’ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাট উপজেলা পরিষদ মাঠে এ বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের মুক্তির অভিযাত্রা’—এই স্লোগানকে সামনে রেখে পাহাড় ও সমতলের ঐতিহ্যকে ধারণ করে আয়োজিত উৎসবে পাহাড়ি-সমতলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনমেলা ঘটে। চুনারুঘাটে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

পরিষদের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, চুনারুঘাটে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি বলেন, একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। সবাইকে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে। চুনারুঘাট উপজেলাকে দেশের অন্যতম পাইলট প্রকল্প হিসেবে গড়ে তুলে সাহিত্য-সংস্কৃতি পরিষদের মাধ্যমে সাংস্কৃতিক চর্চার বিস্তার ঘটানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল হক চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক সুপ্রিয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু, হবিগঞ্জ জজকোর্টের পিপি মোহাম্মদ আবদুল হাই, সাংবাদিক চন্দন কুমার বর্মন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক সেলিম, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিক মিয়া, প্রথম যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, সমাজসেবক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজাদ তালুকদার, আমিনুল ইসলাম সুজন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজসহ সংগঠনের উপদেষ্টা ও কার্যকরী কমিটির সদস্য, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী আয়োজনের প্রথম দিন ১ অক্টোবর বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুতুল তৈরি, কেক কাটা ও আনন্দঘন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

দ্বিতীয় দিন ২ অক্টোবর দুপুরে ‘এসো, রঙিন করি মুখ’ কর্মসূচির পর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। বিকেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বাহা ও মণিপুরী নৃত্য, ত্রিপুরাদের হোজাগিরি, সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল, ঝুমুর ও সমবেত নৃত্য পরিবেশিত হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় পরিবেশিত হয় চন্দ্রাবতী রচিত বিখ্যাত নাটক ‘মলুয়া’। সবশেষে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও গাজীর গীত পরিবেশনার মধ্য দিয়ে দুই দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, ১৯৮৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ দীর্ঘ পথচলায় সমাজ, মানুষ ও মহান মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি দায়বদ্ধ থেকে অপসংস্কৃতির বিরুদ্ধে কাজ করে আসছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com