রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ ভূমি মালিককে ১০ কোটি ১৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় বাহুবল উপজেলার মিরপুর বাজারসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে এসব চেক তুলে দেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় ক্ষতিপূরণের চেক গ্রহণকারী ভূমি মালিকরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের প্রায় ১৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।