বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে জোর দিলেন প্রতিমন্ত্রী

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে স্কুল ফিডিং কর্মসূচির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।



সভায় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকরা অংশ নেন। এতে সম্মানিত অতিথি ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মীর আব্দুল আউয়াল আল মেহেদী এবং সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

সভায় স্কুল ফিডিং কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন, কর্মসূচি পরিচালনায় প্রধান শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকা, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ এবং শিখনফল উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়নে করণীয় বিষয়গুলো উঠে আসে।

মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী উপজেলার বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ ও সার্বিক শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রশ্নের উত্তর দেয়।

পরে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত মিড-ডে মিল কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা সম্পর্কেও অবগত হন তিনি।

পরিদর্শনকালে প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com