বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

আদালতের নির্দেশে ভেঙে ফেলা হলো আলোচিত তালুকদার গেইট

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাজার বাজারের দামোদরপুর গ্রামে আদালতের নির্দেশে আলোচিত তালুকদার গেইট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ২০২৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সরকারি রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হলে রাস্তার মালিকানা দাবি করে আদালতে মামলা করেন ফয়জুল ইসলাম তালুকদার। এ মামলায় সরকারকে বিবাদী করা হয়। বিবাদী হিসেবে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), হবিগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং চুনারুঘাটের উপজেলা প্রকৌশলীকে অন্তর্ভুক্ত করা হয়।

দীর্ঘদিন মামলা চলার পর গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে জেলা ও দায়রা জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে রাস্তাটিকে এলজিইডির সরকারি রাস্তা হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে রাস্তার ওপর নির্মিত ব্যক্তিমালিকানাধীন স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন আদালত।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাস্তার ওপর নির্মিত তালুকদার গেইটটি ভেঙে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি নকশা অনুযায়ী রাস্তাটির প্রস্থ ১৬ ফুট হলেও তালুকদার গেইটটি রাস্তার প্রায় ১৪ ফুট অংশজুড়ে নির্মাণ করা হয়েছিল। ফলে দীর্ঘদিন ধরে রাস্তাটির পাকাকরণ কাজ আটকে ছিল। রাস্তাটি দিয়ে প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবারের সদস্যরা নিয়মিত যাতায়াত করেন।

দীর্ঘদিন ধরে রাস্তার নির্মাণকাজ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। অবশেষে আদালতের নির্দেশে গেইটটি উচ্ছেদ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন দ্রুত রাস্তাটির পাকাকরণ কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com