বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বিবিয়ানা গ্যাস ফিল্ডের লুণ্ঠিত আমদানিকৃত যন্ত্রাংশ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সিলেট রেঞ্জের বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন তালুকদার।

মঙ্গলবার (১০ নভেম্বর) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অক্টোবর মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। অপরাধ দমন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এবং চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রেঞ্জের আট পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমীন তালুকদার বিবিয়ানা গ্যাস ফিল্ডের লুণ্ঠিত আমদানিকৃত যন্ত্রাংশ উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ সম্মাননা অর্জন করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর দিবাগত রাতে বাহুবলের দৌলতপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে চালকের হাত-মুখ বেঁধে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গ্যাস ফিল্ডের যন্ত্রাংশসহ একটি কাভার্ডভ্যান ছিনতাই করা হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে এবং লুণ্ঠিত বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করে।

সভায় ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় সিলেট রেঞ্জের অধীন চার জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com