শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ভারতীয় জিরার বস্তাসহ জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল মহালদারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরার বস্তা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হেলাল মহালদার উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার ব্যক্তি ওই গাড়ির চালক বলে জানিয়েছে পুলিশ।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তিতারকোনা এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে অভিযান এবং জিরার বস্তা গণনার কার্যক্রম চলমান থাকায় এ মুহূর্তে জিরার সঠিক সংখ্যা নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।