বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় সরকারিভাবে নিলামকৃত ভারতীয় জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলাল মহালদার সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক হেলাল মহালদার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় পশ্চিম জয়পুর গ্রামের হাজী খোর্শেদ মিয়ার ছেলে এবং তার সহযোগী বিলাল মিয়া পাশ্ববর্তী মামদনগর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
শনিবার (১২ সেপ্টম্বর) ভোরে বাহুবল মডেল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে জিরার ট্রাক সহ তাদের আটক করে।
থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে সরকারিভাবে নিলাম থেকে ক্রয়কৃত ১৭১ বস্তা জিরা ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে ট্রাকযোগে সিলেট নিয়ে যাওয়ার সময় বাহুবল উপজেলার তিতারকোনা এলাকায় হেলাল মহালদারের পিতার মালিকানাধীন নিরাপদ পেট্রোল পাম্পের পিছনে নিয়ে আটকে রাখা হয়।
পরে জিরার মালিক মোঃ ওবায়দুল্লাহকে ফোন করে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন হেলাল মহালদার ও তার সহযোগিরা। পরবর্তীতে জিরার মালিকপক্ষ বাহুবল মডেল থানায় বিষয়টি অবগত করেন।
এ প্রেক্ষিতে থানার ওসি মোঃ রুহুল আমিন তালুকদারের নির্দেশ ক্রমে টহল পুলিশ অভিযান চালিয়ে হেলাল মহলদারসহ তার সহযোগী বেলাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটকদের দেওয়া তথ্যমতে সকাল ৯ টার দিকে ভুগলী নামক এলাকা থেকে ছিনতাইকৃত ( ঢাকামেট্রো-ড-১১-৮৩৪৭) ট্রাকটি জিরাসহ উদ্ধার করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন তালুকদার জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।