শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষ, বিলুপ্তির পথে হাজার বছরের ঐতিহ্য

শেখ জোবায়ের জসিম, বানিয়াচং (হবিগঞ্জ): আধুনিক প্রযুক্তি ও কৃষির যান্ত্রিকীকরণের প্রভাবে গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী গরু দিয়ে জমি চাষের প্রথা দিন দিন বিলুপ্তির পথে। একসময় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্রামগুলোতে কাকডাকা ভোরে কাঁধে লাঙল-জোয়াল আর এক জোড়া গরু নিয়ে কৃষকদের মাঠে যাওয়ার দৃশ্য ছিল নিত্যদিনের চিত্র। কিন্তু পাওয়ার টিলার ও ট্রাক্টরের ব্যাপক ব্যবহারে সেই চিরচেনা দৃশ্য এখন প্রায় হারিয়ে যেতে বসেছে।

বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষিকাজে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় অল্প সময়ে ও কম পরিশ্রমে জমি চাষ করা সম্ভব হচ্ছে। ফলে কৃষকদের কাছে গরু দিয়ে হালচাষের প্রয়োজনীয়তা কমে এসেছে। তবে এর মধ্য দিয়ে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ও কৃষিসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

উপজেলার আদমখানী গ্রামের প্রবীণ কৃষক রিপন দেব আক্ষেপ করে বলেন, ‘আগে আমরা পরম মমতায় গরু দিয়ে খেত চাষ করতাম। পাওয়ার টিলার আসার পর থেকে সেই ঐতিহ্য এখন অতীত হতে চলেছে। এখন আর মাঠে গরুর ডাক কিংবা কৃষকের হাঁকডাক শোনা যায় না।’

একই সুর মজলিশপুর এলাকার কৃষক মনির আলীর কণ্ঠেও। তিনি বলেন, ‘গরুর লাঙল দিয়ে জমি চাষ করলে মাটির ওপরের স্তর ভালোভাবে আলগা হতো। পাশাপাশি গোবর ব্যবহারের মাধ্যমে মাটির উর্বরতা বাড়ত। এখন পাওয়ার টিলারের ব্যবহার বাড়ায় কৃষিকাজের সেই পুরোনো পদ্ধতি হারিয়ে যাচ্ছে।’

ইনাতখানী এলাকার প্রবীণ কৃষক ছইফ মিয়া মনে করেন, বাপ-দাদার আমল থেকে চলে আসা গরু-লাঙল দিয়ে জমি চাষের প্রথা বাঙালি কৃষিসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে গ্রামীণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরতে অন্তত এর স্মারকগুলো সংরক্ষণ করা প্রয়োজন।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরাব হোসেইন জানান, গরু-লাঙল দিয়ে জমি চাষ ছিল আমাদের লোকজ সংস্কৃতি ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থার অন্যতম ঐতিহ্য। আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বৃদ্ধির কারণে এ প্রথা ক্রমেই হারিয়ে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের এসব সাংস্কৃতিক দিক সংরক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হচ্ছে।

প্রযুক্তির অগ্রযাত্রায় কৃষি যেমন আধুনিক হচ্ছে, তেমনি হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার চিরচেনা অনেক দৃশ্য। তাই সময়ের প্রয়োজনে আধুনিক কৃষির বিকাশের পাশাপাশি ঐতিহ্যবাহী কৃষিসংস্কৃতির স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবিও জোরালো হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com