বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

বাল্লা সীমান্তে ভারতে পালানোর সময় একাধিক মামলার আসামি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টাকালে একাধিক মামলার আসামি সুবল চন্দ্র সরকারকে (৪১) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে বাল্লা সীমান্তের টেকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) বাল্লা বিওপির একটি টহল দল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি সীমান্ত পিলার ১৯৬৪/১৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকেরঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজনকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে সুবল চন্দ্র সরকারকে আটক করা হলেও তার সঙ্গে থাকা অপর তিনজন পালিয়ে যায়।

আটক সুবল চন্দ্র সরকার সিলেট সদর উপজেলার মেদেনী মহল গ্রামের মৃত ভুবন চন্দ্র সরকারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলাসহ পৃথক আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে বিজিবি। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে তিনি অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

পালিয়ে যাওয়া তিনজন হলেন চুনারুঘাট উপজেলার টেকেরঘাট এলাকার জমরুত মিয়া (৪৬) ও মো. কুদ্দুছ (৪০) এবং মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের পরিমল সরকার (৩৬)।

এ ঘটনায় বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ১১(১)(সি) ধারায় চুনারুঘাট থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২০, তারিখ ১৯ নভেম্বর ২০২৬। আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতায়াত ও পালিয়ে যাওয়ার সুযোগ বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে দিন-রাত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ সীমান্ত পারাপারে সহায়তাকারী দালালচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাচল চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে খবর দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com