শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হামজার খেলা দেখতে পৈতৃক বাড়িতে গ্রামবাসীর ঢল চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ

হামজার খেলা দেখতে পৈতৃক বাড়িতে গ্রামবাসীর ঢল

নিজস্ব প্রতিবেদক, বাহুবল (হবিগঞ্জ): জাতীয় দলের জার্সিতে মাঠে খেলছেন হামজা চৌধুরী। আর প্রিয় এই খেলোয়াড়ের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে জড়ো হয়েছেন স্বজন ও গ্রামবাসী। পাকিস্তানের বিপক্ষে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচ ঘিরে গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকেই হামজার পৈতৃক বাড়িতে বাড়তে থাকে দর্শনার্থীদের আনাগোনা। পরিবারের উদ্যোগে বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়। খেলা শুরু হলে সেখানে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। পর্দায় হামজাকে বল নিয়ে এগিয়ে যেতে দেখলেই দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। কেউ হাততালি দিয়ে, কেউ আনন্দ প্রকাশ করে প্রিয় খেলোয়াড়কে সমর্থন জানান।

স্নানঘাট গ্রামের সঙ্গে হামজা চৌধুরীর পারিবারিক শিকড়ের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও মা রাফিয়া চৌধুরী এই গ্রামের বাসিন্দা। এ কারণে জাতীয় দলের হয়ে হামজার প্রতিটি অর্জনকে নিজেদের অর্জন হিসেবেই দেখেন গ্রামের মানুষ।

হামজার বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী বলেন, ‘খেলা সরাসরি মাঠে বসে দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে স্টেডিয়ামে যাওয়া সম্ভব হয়নি। তাই পরিবারের সদস্য ও গ্রামবাসীর সঙ্গে খেলা উপভোগ করতে বাড়িতেই বড় পর্দার ব্যবস্থা করেছি।’

গ্রামের বাসিন্দা খালেক মিয়া বলেন, ‘হামজা আমাদের এলাকার সন্তান। দেশের হয়ে তাঁর এমন অর্জনে গ্রামের মানুষ আনন্দিত। তাঁকে খেলতে দেখার জন্য সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করেন।’

শেখ সাদী মিয়া বলেন, ‘একসঙ্গে এত মানুষের খেলা দেখার পরিবেশ অন্যরকম আনন্দ দিচ্ছে। বড় পর্দায় খেলা দেখে মনে হচ্ছে, সবাই যেন স্টেডিয়ামের গ্যালারিতে বসে আছেন।’

স্থানীয় তরুণ মামুন চৌধুরী বলেন, ‘হামজাকে নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। দেশের হয়ে তিনি আরও ভালো খেলবেন এবং বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নেবেন—এটাই আমাদের চাওয়া।’

হামজা চৌধুরীকে ঘিরে স্নানঘাট গ্রামের মানুষের এই উচ্ছ্বাসে ফুটে উঠেছে প্রিয় সন্তানকে নিয়ে তাঁদের গর্ব, ভালোবাসা ও আবেগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com