মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাকিতে সিগারেট না দেয়ায় হারুন আলী (৭০) নামে এক ব্যবসায়ীকে সাইকেলের পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত হারুন আলী মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মৃত তমিজ আলীর ছেলে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে বিকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনতলা গ্রামের আছকির মিয়ার ছেলে নাইম মিয়া রোববার হারুন আলীর দোকানে গিয়ে বাকিতে সিগারেট চাইলে তিনি বাকিতে সিগারেট দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে নাঈম বাড়ি থেকে একটি বাই সাইকেলের চেন এনে হারুন আলীর মাথায় ও পিঠে এলোপাথাড়ি আঘাত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় হারুন আলীকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থা সোমবার দুপুরে তিনি মারা যান।
খবর পেয়ে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বাকি না দেয়ার কারণে সাইকেলের চেন দিয়ে ওই বৃদ্ধের মাথায় ও পিঠে আঘাত করে নাঈম। এতে তিনি মারা যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।