বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবদক: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)। দুর্ঘটনায় তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়। মজনু মিয়া ডাক বিভাগের মেইল ক্যারিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তবে তাঁর বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।