রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের হাওর উপজেলা দিরাইয়ের প্রত্যন্ত গ্রামের চার তরুণ অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। চার তরুণের পরিবারে শোকের মাতম চলছে।
বলা হচ্ছে ওই চার যুবকের তিনজন উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের এবং আরেকজন রাজানগর ইউনিয়নের ররনারচর গ্রামের।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, “আমরা খবর পেয়ে পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের সঙ্গে কথা বলে এবং তারা অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।”
যাদের মৃত্যুর খবর গ্রামে পৌঁছেছে বলে স্বজনরা দাবি করেছেন, তারা হলেন- তারাপাশা গ্রামের নূ্রুজ্জামান সরদার ময়না, সাজিদ, শাহান এবং ররনারচরের মুজিবুর রহমান।
ময়নার মামা উমেদ আলী শনিবার রাতে বলেন, তিন ভাই ও চার বোনের মধ্যে ময়না ছিল সবার আদরের। তার বাবা ১২ লাখ টাকা চুক্তিতে তার ছেলেকে ইতালি পাঠিয়েছিলেন। জমি বিক্রি করে, গরু বিক্রি করে দালালের হাতে টাকা তুলে দিয়েছেন।
“এখন টাকাও গেল; ছেলেও চিরদিনের জন্য হারিয়ে গেল। আমরা দালাল চক্রের বিচার চাই।”
একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য শাহনুর মিয়া বলেন, “ইউরোপে যাওয়ার স্বপ্নে জমিজমা, হালের গরু, মায়ের গয়না বিক্রি করে তরুণরা দালালের ফাঁদে পড়েছিল। লিবিয়ায় তারা সাগরে ডুবে মারা গেছে। যুবকদের পরিবারে কান্নার রোল চলছে।”
এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেন, “আমরা শুনেছি এখানকার কয়েকজনের কথা। ফেইসবুকেও দেখেছি। আমি ওই সব এলাকার ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি নিশ্চিত হতে তাদের (নিহতদের) বাড়িতে যাচ্ছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”