বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার দুটি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেছেন বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনোয়ার হোসাইন সালেহী।
তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর দক্ষিণ জামে মসজিদে ৫০ হাজার টাকা এবং নন্দনপুরের রামেশ্বর গ্রামের হযরত শাহজালাল মসজিদে আরও ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
জনকল্যাণমূলক কর্মকাণ্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মাওলানা আনোয়ার হোসাইন সালেহীর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত। উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। দায়িত্বের মেয়াদ শেষ হলেও ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের কল্যাণে তাঁর সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মতে, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর এই আর্থিক সহযোগিতা সমাজের প্রতি দায়িত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধের বহিঃপ্রকাশ।
এদিকে, মসজিদ দুটিতে অনুদান প্রদান করায় সংশ্লিষ্ট মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মুসল্লিরা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেছেন।