শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি বানিয়াচংয়ে মাদকের ছড়াছড়ি, হাত বাড়ালেই মিলছে নানা ধরনের মাদক চুনারুঘাটে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলন, পাঁচজনের কারাদণ্ড

২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ

নিজস্ব প্রতিবেদক, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকেই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। দীর্ঘ ২৬ বছর ধরে জনপ্রতিনিধি, মন্ত্রী-এমপিসহ বিভিন্ন সরকারি দপ্তরে ধরনা দিয়েও মেলেনি কাঙ্ক্ষিত সেতু। ফলে বছরের পর বছর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই হয়ে উঠেছে নদী পারাপারের একমাত্র ভরসা।

বর্তমানে নিজেদের অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পারাপার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। অনেক সময় স্রোতের তোড়ে সাঁকো ভেঙে গেলে বন্ধ হয়ে যায় সরাসরি যোগাযোগ। তখন বিকল্প পথে ঘুরে নদী পার হতে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করতে হয়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পশ্চিম ভাদেশ্বরের হাবিব মাস্টারের বাড়ির পাশে করাঙ্গী নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে দীর্ঘ একটি সাঁকো। নদীর দুই পাড়ে বাঁশের খুঁটি পুঁতে কোনোরকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে এটি। কোথাও বাঁশের সংযোগ দুর্বল, কোথাও আবার পুরো কাঠামোই নড়বড়ে। নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। অথচ প্রতিদিন বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা।

সেতু না থাকায় নদীর দুই পাড়ে গড়ে উঠেছে পৃথক যানবাহন ব্যবস্থা। এক পাড়ে এসে গাড়ি থেকে নামতে হয় যাত্রীদের। এরপর বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে অন্য পাড়ে গিয়ে আবার ভিন্ন গাড়িতে গন্তব্যে যেতে হয়। এতে সময় ও অর্থ—দুটিই বেশি ব্যয় হচ্ছে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এভাবে যাতায়াত অত্যন্ত কষ্টকর। বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বেড়ে গেলে দুর্ভোগ আরও কয়েক গুণ বেড়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম ভাদেশ্বর, কসবা করিমপুর, গোলগাঁও, কামারগাঁও, সাতানীগাঁও, তকিয়া, ফকিরবাড়ি, সুন্দ্রটিকি তালুগাঁও ও টিলাবাড়িসহ ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এই সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর এক পাশে রয়েছে বসতি, অন্য পাশে বিস্তীর্ণ কৃষিজমি। সেতু না থাকায় কৃষকদের জমিতে যাতায়াত, ফসল আনা-নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতেও নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

এলাকাবাসী জানান, প্রতিবছর নিজেদের চাঁদার টাকায় বাঁশের সাঁকোটি নির্মাণ ও মেরামত করতে হয়। পাহাড়ি ঢল কিংবা নদীর স্রোতে সাঁকো ক্ষতিগ্রস্ত হলে আবারও টাকা সংগ্রহ করে নতুন করে তৈরি করতে হয়। এতে একদিকে যেমন আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। নদী পারাপারের সময় দুর্ঘটনায় কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও জানান তারা।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, “প্রায় ২৬ বছর ধরে আমরা এই সেতুর জন্য চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন জানিয়েছি। এমনকি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সাহেবের কাছেও আবেদন দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি। একটি সেতু হলে এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতো।”

স্থানীয় বাসিন্দা হাজী মোবারক আলী বলেন, “বর্ষা মৌসুমে নদীতে অনেক পানি হয়। তখন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের পারাপার হতে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমাদের দাবি, এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।”

সাবেক ইউপি সদস্য আক্কাস আলী বলেন, “আমাদের পূর্বপুরুষরাও এই নদীর ওপর সেতু নির্মাণের জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। একটি সেতু নির্মিত হলে এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে।”

বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ বলেন, “দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর জন্য চেষ্টা করছেন। বাহুবল সদর থেকে মাত্র দুই-তিন কিলোমিটার দূরত্বের একটি এলাকায় হাজার হাজার মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। একটি সেতুর অভাবে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও কৃষক—সবাই ভোগান্তির শিকার হচ্ছেন। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এখানে দ্রুত সেতু নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বাহুবল উপজেলা প্রকৌশলী সঞ্জিত ঘোষ বলেন, “করাঙ্গী নদীর ওপর প্রস্তাবিত ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি অনুমোদনের জন্য এলজিইডি হবিগঞ্জের মাধ্যমে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পে পাঠানো হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।”

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সেতুটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। তাদের মতে, করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মিত হলে শুধু ৯ গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগই কমবে না, দুই পাড়ে সরাসরি যানবাহন চলাচলও সম্ভব হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

দীর্ঘ ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণই এখন ৯ গ্রামের মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর প্রশ্ন—আর কত দিন বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হবে?

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com