সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’ আয়োজন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ও শুক্রবার (২ অক্টোবর) উপজেলা পরিষদ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবে থাকছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা, ধামালি, চুনারুঘাটের পরিবেশনায় সিলেটের ধামাইল, সমবেত নৃত্য, নাটক, সংগীত, গাজীর গীত, কবিতাকণ্ঠ চুনারুঘাট ও পদক্ষেপ আবৃত্তি পরিষদ হবিগঞ্জের আবৃত্তি অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা আয়োজন।
উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার বিকেল ৪টা ১ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেল ৫টা ১ মিনিটে পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুতুল তৈরির আয়োজন রয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস. এম. ফয়সল।
দ্বিতীয় দিন শুক্রবার বেলা ২টা ৩১ মিনিটে ‘এসো, রঙিন করি মুখ’ আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে কার্যক্রম। বিকেল ৩টা ১ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পরিষদের পতাকা উত্তোলন করা হবে।
বিকেল ৩টা ১৫ মিনিটে ধামাইল, ঝুমুর, সাঁওতালদের বাহা, মণিপুরী-ত্রিপুরাদের হোজাগিরি ও সমবেত নৃত্য পরিবেশন করা হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে পরিষদের ৩৭ বছর পূর্তি ও জন্মোৎসর উপলক্ষে মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকেল ৫টা ৫১ মিনিটে পুরস্কার বিতরণী, সন্ধ্যা ৬টা ১ মিনিটে চন্দ্রাবতী রচিত নাটক ‘মলুয়া’ এবং সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে প্রখ্যাত শিল্পী লাভলী দেবের পরিবেশনায় সংগীতানুষ্ঠান ও গাজীর গীত অনুষ্ঠিত হবে।
এ
তে উপস্থিত থাকবেন নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদ।