শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার গাদীশাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় আব্দুল জাহির (পিতা: আব্দুল গফুর), সাং-গাদীশাল, অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের দায়ে দোষী সাব্যস্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি উত্তোলন না করার জন্য তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়।
চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) জানান, চুনারুঘাট উপজেলার যেকোনো স্থানে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।