মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
তরফ নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসের থাবা তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর পরিবারে। একমাত্র ওমর সানী বাদে পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মৌসুমী, ছেলে ফারদিন ও নতুন পুত্রবধূ আয়েশাসহ পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়লে শনিবার সকলেই করোনা টেস্ট করান। এদিন রাতেই রিপোর্ট পান তারা।
রিপোর্ট থেকে জানা যায়, পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র ওমর সানীই করোনা নেগেটিভ। এছাড়া মৌসুমী, ছেলে ফারদিন, পুত্রবধূ আয়েশা এবং মেয়েসহ পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ। রবিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন অভিনেতা ওমর সানী। তিনি পরিবারের সবার জন্য দোয়াও চেয়েছেন।
গত ২৬ মার্চ রাজধানীর একটি হোটেলে একমাত্র ছেলে ফারদিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সানী-মৌসুমী। ধারনা করা হচ্ছে, ওই অনুষ্ঠান থেকেই সবাই করোনায় সংক্রমিত হয়েছেন। আগামী ৭ মার্চ ফারদিন ও পুত্রবধূ আয়েশার রিসেপশন ছিল। কিন্তু করোনার কারণে আপাতত ওইদিনের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।