রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অ্যাটর্নি জেনারেল পদে বেতন নেননি, লড়েছেন দু’নেত্রীর মামলা নিয়ে

তরফ নিউজ ডেস্ক : তিনি অন্যরকম। একেবারেই ব্যতিক্রম। ইংরেজি রেয়ার শব্দটির বাংলা কি? বিরল। বোধকরি মানুষটিকে তা বললেও অত্যুক্তি হবে না। ওয়ান ইলেভেনে মানুষটিকে চিনেছেন সকলে ভিন্নভাবে। টক শোতে, কোর্টের বারান্দায় নিয়মিত কথা বলেছেন তিনি। তার সরব পদচারণা আশা জাগাতো দেশের মানুষকে। যদিও শরীরে নানান জটিল রোগ বাসা বেঁধেছিল তখনই।

কিন্তু দমে যাননি। মনের জোরে তিনি ছিলেন বরাবরই সচল, সবাক, দাপুটে এক মানুষ।
ওয়ান ইলেভেন জমানায় হাই প্রোফাইল মামলাগুলো ছিল রাষ্ট্রীয় দিক থেকে গুরুত্বপূর্ণ।

চাপের মুখেও বিতর্ক আর যুক্তি তর্কে তিনি ছিলেন অনড়। অনেক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন সাহসের সঙ্গে। মোকাবিলা করেছেন দৃঢ়চিত্তে। ওয়ান ইলেভেনের বিশেষ পরিস্থিতিতে তিনি দু নেত্রীর মামলা পরিচালনা করেছেন অকুতোভয়ে। যখন চারপাশে থমথমে পরিস্থিতি। সে সময় তিনি লড়েছেন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই মামলাগুলো। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের জমানায় দুই নেত্রী যখন কারাগারে তখন তাদের জন্য এই আইনি লড়াই সহজ ছিল না। কিন্তু কোর্টের বাইরে মাঠে এই তিনিই দুই নেত্রীর সমালোচনা করতেও পিছপা হননি।

দেশে সুশাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগের স্বাধীনতা ও ভাবমূর্তি রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন। যার কথা বলছি তিনি আর কেউ নন, ব্যারিস্টার রফিক-উল হক। দেশের অনেক গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী। সব চাপিয়ে তিনি নিরবে কাজ করেছেন মানুষের জন্যও। নিজ গ্রাম গাজীপুরের চন্দ্রায় স্ব-উপার্জিত অর্থে গড়ে তুলেছেন হাসপাতাল। সপ্তায় সপ্তায় ছুটে যেতেন হাসপাতালে। মানুষের খোঁজখবর নিতেন। শেষ ক’বছর অসুস্থতাজনিত কারণে না যেতে পারলেও খোঁজ রাখতেন।

দেশের এক কঠিন পরিস্থিতিতে গণতন্ত্রের পথে ফিরতে কাজ করেছেন নিরবে। সরব ছিলেন অন্যায় যে কেনো পদক্ষেপের বিরুদ্ধে। টক শোতে যখনই বলেছি সুযোগ পেলে আসতেন। কথা বলতেন নিজের বিবেক সমঝে। আপসকামিতা দেখিনি কখনও।  একদিকে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নজরদারি অন্যদিকে দেশ, গণতন্ত্র, মানুষের বাঁচা মরার প্রশ্ন। ক্রুশিয়াল এমন সব মুহুর্তেও মানুষটিকে দেখেছি অটল থাকতে। নির্ভয়ে কথা বলতে। ভীষণ মেধাবি, মেজাজি, সাহসী ও রসবোধ সম্পন্ন প্রখ্যাত আইনজীবি ব্যারিষ্টার রফিক উল হক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বিদায় নিয়েছেন জাগতিক পৃথিবী থেকে আজ সকালে।

৪৭/১ পুরানা পল্টন। ‘সুবর্ণা’-ছায়াঘেরা, শীতল, ছিমছাম একটি বাড়ি। এ বাড়িটিই ছিল মানুষটির আবাস। একসময় যেখানে মামলার নানা বিষয় নিয়ে মানুষ ভিড় করতো আর সবসময় মিডিয়া কর্মীরা নানা ইস্যুতে স্যারের বক্তব্য জানতেন সেই বাড়িটি এখন নিস্তব্ধতায় ঠাসা।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালের জানুয়ারিতে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার বাম পায়ে অস্ত্রোপচার হয়। এরপর থেকে তার স্বাভাবিক হাঁটাচলা ব্যাহত হচ্ছিল। মাঝেমধ্যে পায়ে ব্যথা অনুভব করতেন। যে কারণে হুইল চেয়ারে যাওয়া-আসা করতে হতো।
২০১১ সালে প্রিয়তমা স্ত্রী ডা. ফরিদা হকের মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গতা অনুভব করতেন। তার সঙ্গে বার্ধক্য যোগ হয়ে সেই নিঃসঙ্গতা আরো বেড়েছিল।

প্রখ্যাত এই আইনজীবীর জন্ম ১৯৩৫ সালের ২রা নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৫৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, ১৯৫৭ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৫৮ সালে এলএলবি পাস করেন। ১৯৬২ সালে যুক্তরাজ্য থেকে বার এট ল’ সম্পন্ন করেন। ১৯৬৫ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এবং ১৯৭৩ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা শুরু করেন তিনি। বর্ণাঢ্য জীবনে আইন পেশায় দীর্ঘ প্রায় ৬০ বছর পার করেছেন।

ব্যারিস্টার রফিক-উল হক বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন।
১৯৯০ সালের ৭ই এপ্রিল থেকে ১৭ই ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বিরল ঘটনা হচ্ছে এ দায়িত্ব পালন কালে তিনি কোন সম্মানী নেননি।

পেশাগত জীবনে তিনি কখনো কোনো রাজনৈতিক দল করেননি। তবে, নানা সময়ে রাজনীতিবিদরা তাঁকে পাশে পেয়েছেন। ব্যারিস্টার রফিক-উল হক তাঁর জীবনের উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজসেবায়।  আর তার এই উদ্যোগকে বিরল বলে অ্যাখ্যায়িত করেছেন আইন অঙ্গনে তার সমসাময়িকরাও। ব্যতিক্রমি মানুষ ব্যারিস্টার রফিক-উল-হকের জন্য প্রার্থনা। তিনি যেখানেই থাকুন, ভাল থাকুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com