বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

নেইমারের জোড়া গোলে বেঁচে থাকল পিএসজির আশা

তরফ স্পোর্টস ডেস্ক : খাদের কিনারায় দাঁড়িয়ে দারুণ শুরুর পর ছন্দ হারাল পিএসজি। সেই সুযোগে প্রতিপক্ষকে চেপে ধরল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে চমৎকার কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান গড়ে দিতে পারল না তারা। শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিল ফরাসি চ্যাম্পিয়নরা। জোরালো করল চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে দুই ব্রাজিলিয়ানের গোলে ৩-১ ব্যবধানে জিতেছে পিএসজি। নেইমারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মার্কাস র‌্যাশফোর্ড। মার্কিনিয়োস এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান আরও বাড়ান লিগ ওয়ানের দলটির সবচেয়ে বড় তারকা নেইমার।

প্রথম লেগে হারের মধুর প্রতিশোধও নেওয়া হলো পিএসজির। গত অক্টোবরে ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে আসর শুরু করেছিল গতবারের রানার্সআপরা।

কিছুটা সৌভাগ্যের ছোঁয়া, সঙ্গে নেইমারের নৈপুণ্যে ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পিএসজি। কিলিয়ান এমবাপের শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে চলে যায় ছয় গজ বক্সের ডান দিকে, সেখানে দুরূহ কোণ থেকে জোরালো শটে গোলটি করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আসরে এটা তার দ্বিতীয় গোল।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ হতে পারতো; তবে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির জোরালো শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক দাভিদ দে হেয়া।

২১তম মিনিটে লেয়ান্দ্রো পারেদেসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে তাকে মাথা দিয়ে গুতো মেরে বসেন ইউনাইটেডের মিডফিল্ডার ফ্রেদ। ঘটনাটি কেন্দ্র দুই দলের খেলোয়াড়রা কিছুক্ষণের জন্য বিবাদে জড়িয়ে পড়েন। পরে ভিএআরের সাহায্যে ফ্রেদকে হলুদ কার্ড দেখান রেফারি। তাকে সৌভাগ্যবানই বলা যায়, কারণ প্রতিপক্ষকে মাথা দিয়ে আঘাত করায় লাল কার্ড পেতে পারতেন তিনি।

৩২তম মিনিটে সৌভাগ্যসূচক গোলে সমতায় ফেরে ইউনাইটেড। অঁতনি মার্সিয়ালের শট পিএসজি গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর এক সতীর্থের পা ঘুরে ডি-বক্সের মুখ থেকে জোরালো শট নেন র‌্যাশফোর্ড। বল ডিফেন্ডার দানিলোর পায়ে লেগে কিছুটা দিক পাল্টে পোস্ট ঘেঁষে জালে জড়ায়।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। দারুণ এক প্রতি-আক্রমণে র‌্যাশফোর্ড মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে সতীর্থের সঙ্গে একবার দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে পেনাল্টি স্পটের কাছে মার্সিয়ালকে খুঁজে নেন। কিন্তু ফাঁকায় বল পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন ফরাসি এই ফরোয়ার্ড।

আট মিনিট পর পাল্টা আক্রমণে আবারও প্রতিপক্ষ শিবিরে ভীতি ছড়ায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে কাভানির নেওয়া শট আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে গিয়ে ক্রসবারে লাগে। ফিরতি বলে মার্সিয়ালের শট প্রতিহত করেন মার্কিনিয়োস।

৬৪তম মিনিটে বাঁ দিক থেকে ফ্লোরেন্সির ক্রসে মার্কিনিয়োসের হেড ক্রসবারের একটু ওপর দিয়ে চলে যায়। এর পাঁচ মিনিট পর আরও ব্যর্থ হননি এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ডান দিক থেকে আবদু দিয়ালোর পাস ছোট ডি-বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে টোকা দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

পরের মিনিটেই রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ১০ জনের দলে নেমে আসে ইউনাইটেড। আন্দের এররেরাকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রেদ, যদিও স্লাইড ট্যাকলে বলে পা লাগিয়েছিলেন তিনি।

এক জন কম নিয়ে বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি উলে গুনার সুলশারের দল। নির্ধারিত সময়ের শেষ পাঁচ মিনিটে চাপ বাড়ায় পিএসজি। ৮৮তম মিনিটে ম্যাচ শেষ করে দেওয়ার সুযোগ পেয়েছিলেন এমবাপে, কিন্তু তার কোনাকুনি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

যোগ করা সময়ের প্রথম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানেন নেইমার। রাফিনিয়ার কাটব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে প্লেসিং শটে স্কোরলাইন ৩-১ করেন তিনি।

গ্রুপের অন্য ম্যাচে সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-৩ গোলে হারায় লাইপজিগ।

পাঁচ রাউন্ড শেষে ইউনাইটেড, পিএসজি ও লাইপজিগের পয়েন্ট সমান ৯ করে। শীর্ষে আছে ইংলিশ ক্লাবটি। পরের দুটি স্থানে যথাক্রমে পিএসজি ও লাইপজিগ।

শেষ রাউন্ডে আগামী সপ্তাহে মুখোমুখি হবে পিএসজি-বাসাকসেহির ও ইউনাইটেড-লাইপজিগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com