শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে ঢাকা-সিলেট মহাসড়কের দেওরগাছ এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার রাত সাড়ে ১১টার দিকে দেওরগাছ ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার চান্দপুর চা-বাগানের প্রাণবন্ধু তন্তবায়ের ছেলে অরুণ তন্তবায় (৫০), পবিত্র তাতীর ছেলে পরমেশ্বর তাতী (৪৫) এবং মাখন তন্তবায়ের ছেলে রাম তন্তবায় (৩৫)।
র্যাব-৯-এর সিপিসি-শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দেওরগাছ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনাবেচা করছে। এর ভিত্তিতে র্যাবের সদস্যরা দেওরগাছ ব্রিজের কাছে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি বস্তা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।